বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) নির্বাচন আগামী ১৫ দিনের মধ্যে আয়োজনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনের অধীনেই এ নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশন ভেঙে দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম গত ২৭ অক্টোবর যে প্রজ্ঞাপন জারি করেছিলেন, তার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত। এ বিষয়ে একটি রুলও জারি করা হয়েছে।

পুরোনো নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন এবং গত ৪ নভেম্বর নতুন নির্বাচনি তফসিল ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এ ছাড়া গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনের অধীনে এবং ৯ অক্টোবর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসরণ করে নির্বাচনের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল কবিরের করা রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ আলী। অন্যদিকে বিবাদীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

আদালতের আদেশে বলা হয়, গত ১৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২৯৭তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৩ আগস্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। ওই কমিশনের অধীনে ১৭ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। তবে ১০ সেপ্টেম্বর ম্যানেজিং বোর্ডের অনুমোদন ছাড়াই সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম এককভাবে নির্বাচন বাতিল করেন।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করা হলে গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট নির্বাচন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সোসাইটির চেয়ারম্যান আপিল করলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ৮ অক্টোবর বা তার আগে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন।

পরবর্তী সময়ে আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত নির্বাচন ২৬ অক্টোবর বা তার আগে আয়োজনের নির্দেশ দেন। পরে সময় বাড়ানোর আবেদন করা হলে আপিল বিভাগ ২ নভেম্বর তা খারিজ করে দেন।

হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের উচিত ছিল সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে নির্বাচন আয়োজন করা। কিন্তু তা না করে আগের নির্বাচন কমিশন ভেঙে নতুন কমিশন গঠন এবং নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। আদালত এ পদক্ষেপকে সর্বোচ্চ আদালতের আদেশ ব্যাহত করার ‘নোংরা চালাকি’ হিসেবে উল্লেখ করেছেন।

রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ আলী জানান, সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করার অভিযোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার পৃথক আবেদনও দায়ের করেছেন তারা।