সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (বেবিচক) ইলেক্ট্রো মেকানিক্যাল (ই/এম) প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগ উঠেছে।
এসব অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের একটি ইনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে।
বুধবার (২৫ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক রুবেল হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান চালাচ্ছে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে। বেবিচকের ইলেক্ট্রো মেকানিক্যাল বিভাগে এ অভিযান পরিচালিত হচ্ছে।
বেবিচক সূত্র জানায়, সকালে বেবিচকে প্রবেশের পর দুদকের দলটি প্রথমে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় চেয়ারম্যান তাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
বর্তমানে দুদকের কর্মকর্তারা বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) শাহরিয়ার মোরশেদ সিদ্দিকীর দপ্তরে অবস্থান করছেন।
এদিকে একই দিনে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিস, শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ভূমি অফিস এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও পৃথক অভিযান পরিচালনা করছে দুদক।
দুদক সূত্র জানায়, বেবিচকের ই/এম প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে যোগসাজশে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবি করার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়াসহ বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে।
অন্যদিকে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের সঙ্গে যোগসাজশ করে পাসপোর্ট সেবা দিতে হয়রানি, সরকারি ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদনপত্র গ্রহণে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বরিশাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় অভিযান পরিচালনা করছে।
শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারি কার্যক্রমে সেবাগ্রহীতাদের হয়রানি, ফাইল আটকে রাখা, দালালের মাধ্যমে ঘুষ লেনদেন এবং সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি ও আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর অভিযান চালাচ্ছে।
এ ছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি এবং কার্ডিওলজি বিভাগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রসিদ ছাড়া অর্থ আদায় করে আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা।








