ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন চলছে।
বুধবার (২৫ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের পক্ষে দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন শুরু করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ সময় অন্য প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত রয়েছেন। মামলার যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার প্রথম দিনের যুক্তি উপস্থাপনে জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস এবং মামলার আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তাঁদের সাক্ষ্যের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়।
এ ছাড়া মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি উপস্থাপন করে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের কর্মকাণ্ডের বিষয়েও ট্রাইব্যুনালকে অবহিত করা হয়।
প্রথম দিনের যুক্তি উপস্থাপনের একপর্যায়ে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন ও বিডিআর বিদ্রোহের মামলাসহ অনেক ভয়াবহ অপরাধের ঘটনা দেখেছেন তিনি। তবে জিয়াউল আহসানের মতো কাউকে দেখেননি। তাঁর অভিযোগ, হত্যার সময় রক্তের ছিটা এড়াতে বালিশ ব্যবহার করে মাথায় গুলি করা হতো। হত্যার পর মরদেহের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো।
সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ জিয়াউল আহসানের নেতৃত্বে সংঘটিত বিভিন্ন নৃশংসতার অভিযোগও প্রথম দিনের শুনানিতে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান বুধবার কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নিয়েছেন।
প্রথম দিনের যুক্তি উপস্থাপনের সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে গুমের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের এ মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।








