আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে। প্রতিনিধি দলে নানক ছাড়াও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও ৭ থেকে ৮ জন নেতা রয়েছেন বলে জানা গেছে।

বিকেলে তাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনের কথা রয়েছে। এর আগে দলটি পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করলে যেসব স্থলবন্দর ব্যবহার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে, সেগুলোর মধ্যে আগরতলা-আখাউড়া স্থলবন্দর অন্যতম।

এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে বুধবার বিকেল ৪টা থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আখাউড়া স্থলবন্দর এলাকায় অবস্থান নেন ও বিক্ষোভ সমাবেশ করেন। আখাউড়া সীমান্তে বিজিবি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়েছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত আওয়ামী লীগের প্রতিনিধি দলের স্থলবন্দর এলাকায় আসার খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলার যেকোনো একটি প্রবেশপথ দিয়ে নাশকতার উদ্দেশ্যে নানকের নেতৃত্বে একটি দল দেশে প্রবেশের চেষ্টা করতে পারে বলে তাঁরা খবর পেয়েছেন। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা সীমান্তে অবস্থান করছেন, যাতে অবৈধভাবে কেউ প্রবেশ করে নাশকতা ঘটাতে না পারে।