সরকার যখন অবৈধ দখলমুক্ত করতে সড়ক ও ফুটপাত উদ্ধারে অভিযান চালাচ্ছে, তখন রাজধানীর মিরপুরের রূপনগরের ১৫ ও ১৬ নম্বর সড়কে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সেখানে ফুটপাত দখল করে গড়ে উঠেছে বেশ কিছু দোকানপাট। এসব দোকানের অনেকগুলোতেই রয়েছে অবৈধ বিদ্যুতের সংযোগ। তবে এসব সংযোগ কীভাবে এসেছে, মিটার কার নামে এবং বিদ্যুৎ বিল পরিশোধের প্রক্রিয়াই বা কী, তা নিয়ে উঠছে প্রশ্ন।
সরেজমিনে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, নাঈম হোসেন নামে এক ব্যক্তি এসব দোকানে বিদ্যুতের সংযোগের ব্যবস্থা করেছেন বলে তাঁরা জানেন। ব্যবসায়ীদের কয়েকজনের দাবি, বিদ্যুৎ ব্যবহারের খরচ বাবদ দোকানপ্রতি প্রতিদিন ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত নেওয়া হয়।
ব্যবসায়ীদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাঈম হোসেনের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, তিনি রূপনগর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত। তাঁর কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে অটোরিকশার গ্যারেজসহ আরও কিছু কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিষয়টি জানতে স্থানীয় বিএনপির এক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তাঁর বিস্তারিত জানা নেই। তবে দলীয় পরিচয়ে কেউ নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকলে তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নাঈম হোসেনের কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, এসব বিষয়ে তিনি কিছুই জানেন না।
ফুটপাতের দোকানগুলোতে বিদ্যুতের সংযোগ কীভাবে দেওয়া হয়েছে, মিটার কার নামে রয়েছে এবং বিল পরিশোধের প্রক্রিয়া কী এসব বিষয়ে জানতে ডেসকো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গেও কথা বলা হলে তিনি এ বিষয়ে অপারেশন অফিসারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
এখন প্রশ্ন হচ্ছে, সরকারি ফুটপাত দখল করে গড়ে ওঠা এসব দোকানে বিদ্যুতের সংযোগ দেওয়ার প্রক্রিয়া কী ছিল, আর এর সঙ্গে কারা জড়িত? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন।









