বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত কার্যালয়টির সামনে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবক কার্যালয়ের সামনে আগুন দিচ্ছেন। ঘটনার খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা পুলিশ।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, 'সারাদেশে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে। গত রাতে নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে।' তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।