ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ২৪ দিন বন্ধ রাখা হবে ইউনিটটি।

আদানি পাওয়ার বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছিল। এ সময়ে ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ বিষয়ে সম্মতি দিয়েছে।

এ সময়ে কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে। ফলে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে আসবে। তবে শীতের কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা কম থাকায় সরবরাহে বড় ধরনের সমস্যা হবে না বলে মনে করছে পিডিবি।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি; এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর ধরে কিনবে বাংলাদেশ। প্রথম ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে, দ্বিতীয় ইউনিট থেকে একই বছরের জুনে।