বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ কারণে আগামী কয়েকদিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর), শুক্রবার (২৭ নভেম্বর) ও শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়া প্রধানত শুষ্ক ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়া প্রধানত শুষ্ক ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। তবে এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ওই সময়ের শেষের দিকে তাপমাত্রা কমতে পারে।