বিয়ে শুধু দুটি মানুষের একসঙ্গে পথচলার নাম নয়; এটি দুটি পরিবার, দুটি স্বপ্ন ও দুটি জীবনবোধের সম্মিলন। তাই জীবনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য জীবনসঙ্গীর বাহ্যিক সৌন্দর্য, আর্থিক অবস্থা কিংবা সাময়িক মুগ্ধতার বাইরেও তাঁর ব্যক্তিত্ব, চিন্তাভাবনা, নৈতিকতা ও জীবনদর্শন সম্পর্কে জানা জরুরি।
ইসলামেও জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দ্বীনদারি ও উত্তম চরিত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, দাম্পত্য জীবন শুধু ভালোবাসা কিংবা শারীরিক আকর্ষণের ওপর নির্ভর করে টিকে থাকে না। এর জন্য প্রয়োজন আল্লাহভীতি, দায়িত্বশীলতা, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও আন্তরিকতা।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে তার পরিবারের কাছে সর্বোত্তম। আর আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম।’ (তিরমিজি, হাদিস ৩৮৯৫)
নবীজির আদর্শ ও ইসলামের নির্দেশনা সামনে রেখে জীবনসঙ্গী নির্বাচনের সময় বিশেষভাবে চারটি গুণ যাচাই করা জরুরি।
১. দয়া, সহমর্মিতা ও যত্নশীল মনোভাব
প্রথম দেখায় কারও প্রতি শারীরিক আকর্ষণ তৈরি হতে পারে। কারও সৌন্দর্য, ব্যক্তিত্ব কিংবা কথা বলার ধরন ভালো লাগতে পারে। কিন্তু প্রথম দেখার ভালো লাগাকেই ভালোবাসা মনে করা ঠিক নয়।
ভালোবাসা শুধু আবেগের বিষয় নয়; এটি পারস্পরিক প্রচেষ্টা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও যত্নের মাধ্যমে গভীর হয়। একজন মানুষ আপনার সুখ-দুঃখকে কতটা গুরুত্ব দেন, বিপদের সময় কতটা পাশে থাকেন এবং আপনার অনুভূতির প্রতি কতটা সংবেদনশীল—এসব বিষয় তাঁর মানসিকতা বুঝতে সাহায্য করে।
যে সম্পর্কের ভিত্তি দয়া, মমতা, সম্মান ও পারস্পরিক সহযোগিতা, সেই সম্পর্ক সাধারণত বেশি দৃঢ় হয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ‘তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।’ (সুরা আর-রূম: আয়াত ২১)
তাই জীবনসঙ্গী নির্বাচনের সময় তাঁর রাগ নিয়ন্ত্রণের ক্ষমতা, ভুল স্বীকার করার মানসিকতা, অন্যের প্রতি আচরণ এবং দুর্বল মানুষের সঙ্গে ব্যবহারের ধরনও খেয়াল করা প্রয়োজন।
২. জীবনের লক্ষ্য, আদর্শ ও মূল্যবোধের সামঞ্জস্য
জীবনসঙ্গী নির্বাচনের আগে নিজের জীবন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। আপনি কী চান, আপনার স্বপ্ন কী, ভবিষ্যৎ পরিকল্পনা কেমন এবং জীবনের কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন—এসব বিষয়ে নিজের কাছে স্পষ্ট থাকতে হবে।
এরপর সম্ভাব্য জীবনসঙ্গীর সঙ্গে আপনার লক্ষ্য, আদর্শ, মূল্যবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনার মিল রয়েছে কি না, তা বিবেচনা করুন।
দুজন মানুষের সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়। তবে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে সামঞ্জস্য থাকা প্রয়োজন। যেমন—ধর্মীয় অনুশীলন, সন্তানদের লালন-পালন, পারিবারিক দায়িত্ব, কর্মজীবন, আর্থিক ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা।
বিয়ের আগে এসব বিষয়ে খোলামেলা আলোচনা করা উচিত। কারণ, বিয়ের পর জীবনদর্শন ও প্রত্যাশার মধ্যে বড় ধরনের অমিল দেখা দিলে দাম্পত্য জীবনে দূরত্ব ও মনোমালিন্য তৈরি হতে পারে।
জীবনসঙ্গীর নিজস্ব ব্যক্তিত্ব, আত্মপরিচয়, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও থাকা জরুরি। শুধু অন্যের ইচ্ছার ওপর নির্ভর করে জীবন পরিচালনার মানসিকতা দীর্ঘমেয়াদি দাম্পত্য জীবনে জটিলতা তৈরি করতে পারে।
৩. ব্যক্তিত্ব ও সীমাবদ্ধতা সম্পর্কে বাস্তব ধারণা নিন
একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার আগে তাঁর ভালো ও মন্দ—উভয় দিক সম্পর্কে বাস্তবসম্মত ধারণা থাকা প্রয়োজন। যাকে আপনি পছন্দ করেন, তাঁর মধ্যে অনেক ভালো গুণ থাকতে পারে। আবার এমন কিছু অভ্যাস কিংবা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যও থাকতে পারে, যা আপনার পছন্দ নাও হতে পারে। এটাই স্বাভাবিক। কারণ, কোনো মানুষই সম্পূর্ণ নিখুঁত নন।
তাই শুধু ভালো দিক নয়, তাঁর রাগ, অভিমান, ভুল স্বীকারের মানসিকতা, সিদ্ধান্ত গ্রহণের ধরন এবং মতের অমিল হলে আচরণ কেমন হয়—এসব বিষয়ও বিবেচনা করুন।
বিশেষ করে খেয়াল করুন, মতের অমিল হলে তিনি কি সম্মান বজায় রেখে কথা বলতে পারেন? ভুল করলে ক্ষমা চান? অন্যের মতামত শুনতে আগ্রহী হন? নাকি নিজের সিদ্ধান্ত অন্যের ওপর চাপিয়ে দিতে চান?
তবে সব ধরনের সীমাবদ্ধতা মেনে নেওয়াও বুদ্ধিমানের কাজ নয়। অসম্মান, প্রতারণা, নির্যাতন, দায়িত্বহীনতা কিংবা ক্ষতিকর আচরণকে সাধারণ ব্যক্তিগত দুর্বলতা মনে করে উপেক্ষা করা উচিত নয়।
মনে রাখতে হবে, একজন ভালো জীবনসঙ্গীরও কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি নিজের ভুল সংশোধনে আগ্রহী কি না এবং সম্পর্কের উন্নতির জন্য আন্তরিকভাবে চেষ্টা করেন কি না।
৪. বাহ্যিক সৌন্দর্য ও শারীরিক আকর্ষণ
জীবনসঙ্গী নির্বাচনে বাহ্যিক সৌন্দর্য ও শারীরিক আকর্ষণকেও একেবারে উপেক্ষা করা উচিত নয়। তবে সৌন্দর্যের প্রচলিত কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। একজন মানুষকে আপনার কাছে সুন্দর মনে হলেও অন্য কারও কাছে তাঁকে একই রকম সুন্দর নাও লাগতে পারে।
তাই জীবনসঙ্গীর প্রতি আপনার স্বাভাবিক শারীরিক আকর্ষণ থাকা জরুরি। কারণ, দাম্পত্য জীবনে শারীরিক আকর্ষণেরও একটি ভূমিকা রয়েছে। তবে এটিকে সম্পর্কের একমাত্র ভিত্তি হিসেবে বিবেচনা করা ঠিক নয়।
শুধু বাহ্যিক সৌন্দর্যের ওপর নির্ভর করে দাম্পত্য সম্পর্ক দীর্ঘস্থায়ী করা যায় না। সময়ের সঙ্গে মানুষের চেহারা ও শারীরিক সৌন্দর্যে পরিবর্তন আসতে পারে। কিন্তু পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, আন্তরিকতা, বোঝাপড়া ও যত্নের মানসিকতা একটি সম্পর্ককে দীর্ঘদিন সুন্দর রাখতে সাহায্য করে।
এ কারণে জীবনসঙ্গীর সৌন্দর্য বিবেচনার পাশাপাশি তাঁর ব্যক্তিত্ব, চরিত্র, নৈতিকতা ও মানসিক পরিপক্বতাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত।
জীবনসঙ্গী নির্বাচনে ইসলামের মূল শিক্ষা
ইসলাম জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দ্বীনদারিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘চারটি বিষয় বিবেচনা করে কোনো নারীকে বিয়ে করা হয়—তার সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য ও দ্বীনদারি। সুতরাং তুমি দ্বীনদার নারীকে প্রাধান্য দাও।’ (সহিহ বুখারি, হাদিস ৫০৯০)
এই নির্দেশনা থেকে বোঝা যায়, জীবনসঙ্গী নির্বাচনে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতাকে অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ। একইভাবে নারী-পুরুষ উভয়ের মধ্যেই দ্বীনদারি, উত্তম চরিত্র, দায়িত্বশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন।
আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা তাদের সঙ্গে সদ্ভাবে জীবনযাপন কর।’ (সুরা আন-নিসা: আয়াত ১৯)
সুতরাং জীবনসঙ্গী নির্বাচন কোনো সাময়িক আবেগ কিংবা বাহ্যিক সৌন্দর্যের প্রতিযোগিতা নয়। এটি সারা জীবনের জন্য একজন মানুষের সঙ্গে পথচলার সিদ্ধান্ত। তাই শুধু তিনি দেখতে কেমন, কতটা সম্পদশালী কিংবা সামাজিকভাবে কতটা প্রতিষ্ঠিত—এসব বিবেচনা করলেই চলবে না। বরং তাঁর দ্বীনদারি, চরিত্র, দয়া, সহমর্মিতা, জীবনদর্শন, দায়িত্ববোধ ও মানসিক পরিপক্বতা সম্পর্কে বাস্তব ধারণা নিতে হবে।
নিখুঁত জীবনসঙ্গীর খোঁজ না করে এমন একজন ভালো মানুষকে খুঁজে নেওয়া উচিত, যাঁর সঙ্গে দ্বীনের পথে চলা যায়, সুখ-দুঃখ ভাগ করে নেওয়া যায় এবং জীবনের প্রতিটি পর্যায়ে পরস্পরের সহযোগী হওয়া যায়। কারণ, সুন্দর দাম্পত্য জীবন গড়ে ওঠে দুজন মানুষের পারস্পরিক ভালোবাসা, সম্মান, ক্ষমাশীলতা ও সহযোগিতার মাধ্যমে।









