এক বছর বিরতির পর দেশের আট বিভাগে আবারও আউটডোর তাফসিরুল কুরআন মাহফিল করার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে আজহারী লিখেছেন, 'এক বছর বিরতির পর ৮ বিভাগে আবারও আমার আউটডোর তাফসিরুল কুরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ। আবহমান কাল ধরে ওয়াজ-মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। দ্বীনি এই আয়োজনগুলোকে সুন্দর ও সার্থক করে তুলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।'
শিগগিরই দেশের বিভিন্ন শহরে এসব মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। তবে মাহফিলগুলোর নির্দিষ্ট তারিখ ও স্থান এখনো জানাননি। মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে শ্রোতাদের সহযোগিতা কাম্য বলে জানিয়েছেন আয়োজকেরা।
মাহফিলের সার্থকতা শুধু বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতার মধ্যে সীমাবদ্ধ নয় বলে উল্লেখ করেছেন আজহারী। কুরআন ও সুন্নাহর সার্বজনীন বার্তা মানুষের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হলেই এসব আয়োজনের প্রকৃত সার্থকতা বলে জানিয়েছেন তিনি। পোস্টের শেষে শিগগিরই শ্রোতাদের নিজ নিজ শহরে দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।









