সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে দলটি ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তালিকাভুক্ত করার আবেদন জানানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) নড়াইলের কালিয়ার এম এস মোস্তাফিজুর রহমানসহ সাত জুলাই যোদ্ধার পক্ষে ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির রিটটি দায়ের করেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত ও বর্তমানে শরীরে গুলি বয়ে বেড়ানো এসব জুলাই যোদ্ধা জনস্বার্থে ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে রিটটি করেন। আগামী রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
রিটে আরও চাওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষে পরিচালিত সব পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল, পোস্ট ও অন্যান্য কনটেন্ট অপসারণ বা ব্লক করার নির্দেশনা। সহিংসতা উসকে দেয় এমন কনটেন্টের পুনঃপ্রকাশ বন্ধেরও আবেদন করা হয়েছে। তবে আইনসম্মত সংবাদ প্রতিবেদন, একাডেমিক পর্যালোচনা এবং সরকারের সমালোচনাকে আবেদনের বাইরে রাখার কথা বলা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। কিন্তু এই নির্বাহী আদেশ সাময়িক হওয়ায় সংসদে আইন পাস বা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ, বিলুপ্ত, সম্পদ বাজেয়াপ্ত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।









