সাংবাদিকতা পেশায় আসতে হলে নির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, যে কেউ যেকোনো পেশায় যেতে পারেন, সরকার তা নিয়ন্ত্রণ করবে না। তবে সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ পেশায় আসার আগে যথাযথ প্রশিক্ষণ থাকা প্রয়োজন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে 'গণমাধ্যমবিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স'-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, প্রায়ই রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে অভিযোগ শোনা যায়, এখন একটি মোবাইল ফোন থাকলেই অনেকে সাংবাদিক হয়ে যাচ্ছেন। বিষয়টি সবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। কেউ সাংবাদিকতা পেশায় আসতে চাইলে নির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করে আসার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের কীভাবে আরও ব্যাপকভাবে প্রশিক্ষণের আওতায় আনা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। পিআইবিকে আরও শক্তিশালী করা এবং সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। পিআইবির সনদ দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ মর্যাদা বহন করে বলে মন্তব্য করেন তিনি।