শীত এলেই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়ে ত্বকে। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা দেয় চুলকানি, ত্বক ফেটে যাওয়া ও ব্রণের মতো সমস্যাও। এ সময় ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত যত্নের পাশাপাশি খাদ্যাভ্যাস ও জীবনযাপনে কিছু পরিবর্তন আনা জরুরি।
কয়েকটি সহজ অভ্যাস মেনে চললে শীতেও ত্বকের সতেজতা ও কোমলতা ধরে রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, শীতে ত্বক ভালো রাখতে কী করবেন।
১. ঠোঁটের যত্ন নিন
শীতকালে মুখের ত্বকের পাশাপাশি ঠোঁটও বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এ সময় ঠোঁটের মৃত কোষ জমে ঠোঁট ফেটে যেতে পারে। ঠোঁটের রুক্ষতা কমাতে উপযোগী লিপ বাম ব্যবহার করুন। প্রয়োজনে ঠোঁটের জন্য তৈরি মৃদু স্ক্রাব ব্যবহার করতে পারেন। তবে ঠোঁটের ত্বক সংবেদনশীল হওয়ায় জোরে ঘষা বা অতিরিক্ত স্ক্রাব করা থেকে বিরত থাকুন।
২. অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার খান
ত্বক সুস্থ রাখতে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। প্রতিদিনের খাদ্যতালিকায় অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার রাখুন। এসব উপাদান শরীরকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষায় সহায়তা করে। ডালিম, পালংশাক, ব্লুবেরি, স্ট্রবেরি ও ডার্ক চকলেটে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই নিয়মিত ফল ও শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
৩. ত্বকের আর্দ্রতা ধরে রাখুন
শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকায় ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়। এ সমস্যা এড়াতে গোসলের পরপরই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত ময়েশ্চারাইজার বেছে নেওয়া জরুরি।
পাশাপাশি অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করা এড়িয়ে চলুন। কারণ, গরম পানি ত্বকের স্বাভাবিক তৈলাক্ত স্তর নষ্ট করে শুষ্কতা বাড়াতে পারে।
৪. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন
মানসিক চাপের প্রভাব ত্বকেও পড়তে পারে। দীর্ঘদিন মানসিক চাপে থাকলে শরীরে হরমোনের পরিবর্তন ঘটে, যা ব্রণসহ বিভিন্ন ত্বকের সমস্যা বাড়াতে পারে। তাই মানসিক চাপ কমাতে নিয়মিত শরীরচর্চা করুন। পাশাপাশি পছন্দের কাজে সময় কাটানো, ডায়েরি লেখা কিংবা ঘুরতে যাওয়ার মতো অভ্যাস গড়ে তুলতে পারেন।
৫. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
ত্বক সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ঘুমের সময় শরীরের কোষ পুনরুদ্ধার ও মেরামতের প্রক্রিয়া চলে। নিয়মিত ঘুমের ঘাটতি হলে ত্বকে ক্লান্তির ছাপ পড়তে পারে। তাই প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন। পাশাপাশি ঘুমের নির্দিষ্ট সময়সূচি মেনে চলুন।
৬. সানস্ক্রিন ব্যবহার করুন
শীতকালে রোদের তীব্রতা কম মনে হলেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। তাই বাইরে বের হওয়ার আগে এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন। পাশাপাশি রোদ থেকে সুরক্ষায় ছাতা, টুপি ও শরীর ঢাকা পোশাক ব্যবহার করতে পারেন।
৭. ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খান
ত্বকের সুস্থতা বজায় রাখতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি কোলাজেন তৈরিতে সহায়তা করে, যা ত্বকের নমনীয়তা ও দৃঢ়তা ধরে রাখতে প্রয়োজনীয়। লেবু, কমলা, পেয়ারা ও আমলকীসহ বিভিন্ন ফলে ভিটামিন সি পাওয়া যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এসব ফল রাখতে পারেন।
৮. পর্যাপ্ত পানি পান করুন
শীতকালে অনেকেরই পানি পান করার প্রবণতা কমে যায়। তবে এ সময়ও শরীরের পানির চাহিদা পূরণ করা জরুরি। পানিশূন্যতা দেখা দিলে ত্বক শুষ্ক ও নিষ্প্রভ হয়ে যেতে পারে। তাই তৃষ্ণা কম পেলেও নিয়মিত পানি পান করুন। পাশাপাশি অতিরিক্ত ক্যাফেইন ও অ্যালকোহল গ্রহণের অভ্যাস থাকলে তা কমিয়ে আনুন।
শীতকালে ত্বকের যত্ন নিতে সব সময় দামি প্রসাধনীর প্রয়োজন হয় না। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, ত্বকের আর্দ্রতা বজায় রাখা, পুষ্টিকর খাবার খাওয়া ও পর্যাপ্ত ঘুমের মতো অভ্যাস ত্বক সুস্থ রাখতে সহায়ক হতে পারে। তবে দীর্ঘস্থায়ী চুলকানি, প্রদাহ বা ত্বকের অন্য কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।









