এক বছর বিরতির পর আবারও দেশের আট বিভাগে আউটডোর তাফসিরুল কুরআন মাহফিলে অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। শিগগিরই দেশের বিভিন্ন শহরে এসব মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন আজহারী। পোস্টে তিনি লেখেন, ‘এক বছর বিরতির পর ৮ বিভাগে আবারও আমার আউটডোর তাফসিরুল কুরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ। ... শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।’

সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান

মাহফিলগুলো সফল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আজহারী। একই সঙ্গে আয়োজনগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

মাহফিলে সুশৃঙ্খলভাবে উপস্থিত থাকা, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করাকে সবার দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কুরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান না করে, সে বিষয়েও সতর্ক করেন।

কুরআনের বার্তা জীবনে ধারণের আহ্বান

আজহারী বলেন, মাহফিলের সার্থকতা শুধু বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং কুরআন ও সুন্নাহর সার্বজনীন বার্তা মানুষের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হলেই এ আয়োজনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে।

তিনি আরও বলেন, কুরআনের সার্বজনীন বার্তা মানুষকে সঠিক জীবনদর্শন শেখায় এবং চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই কুরআনের মাহফিল শুধু জনসমাগমের আয়োজন না হয়ে মানুষের জীবন পরিবর্তনের উপলক্ষ হওয়া উচিত।