কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে স্বয়ংক্রিয় বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে মেটা। চলতি মাস থেকেই ইনস্টাগ্রামে এ প্রযুক্তির বিস্তৃতি শুরু করছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ব্যবহারকারীর দেওয়া জন্মতারিখের পাশাপাশি অনলাইন আচরণ ও কার্যক্রম বিশ্লেষণ করে বয়স নির্ধারণ করা হবে।
কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে সমালোচনা, বিভিন্ন আইনি পদক্ষেপ এবং আর্থিক সমঝোতার মুখে এ উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
মেটা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে যেসব ব্যবহারকারীকে কিশোর বলে সন্দেহ করা হবে, তাদের অ্যাকাউন্টে বয়স অনুযায়ী সুরক্ষাব্যবস্থা চালু করা হবে। কেউ অ্যাকাউন্ট খোলার সময় নিজের বয়স ১৮ বছরের বেশি উল্লেখ করলেও তার আচরণগত তথ্য বিশ্লেষণ করে কিশোর হিসেবে শনাক্ত করা হতে পারে।
প্রতিষ্ঠানটির দাবি, এ প্রযুক্তি চালুর পর আগের তুলনায় বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। এ সাফল্যের ভিত্তিতেই বিশ্বজুড়ে প্রযুক্তিটির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেটার এআই প্রযুক্তি ব্যবহারকারীর পোস্ট, অনলাইন আচরণ ও বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে সম্ভাব্য বয়স নির্ধারণ করবে। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালু করা হয়েছিল।
কেউ ভুল জন্মতারিখ দিয়ে নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিলেও এআইয়ের মাধ্যমে তাকে কিশোর হিসেবে শনাক্ত করা গেলে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ বা কিশোরদের জন্য নির্ধারিত সুরক্ষাব্যবস্থা কার্যকর হবে।
চলতি মাসে যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, তারা নতুন ব্যবস্থা সম্পর্কে নোটিফিকেশন পাবেন। পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও এ প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে মেটার।
মেটার টিন অ্যাকাউন্টে কিশোরদের নিরাপত্তার জন্য বেশ কিছু বিধিনিষেধ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩ বছরের কম বয়সীদের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা, প্রতিদিন নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ এবং রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ রাখা।
এ ছাড়া কিশোরদের দৈনিক অ্যাপ ব্যবহারের সময় সীমিত রাখা, সামাজিক তুলনা তৈরি করতে পারে এমন কিছু লাইক ও রিঅ্যাকশন ফিচার নিয়ন্ত্রণ এবং অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাড়তি বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
একটানা ১৫ মিনিট ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে কিশোরদের। দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালেও সতর্কবার্তা দেখানো হবে।
বিশ্বজুড়ে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। শিশু বিকাশ বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম তরুণদের অতিরিক্ত ব্যবহারে উৎসাহিত করতে পারে। পাশাপাশি লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে সামাজিক তুলনা এবং ক্ষতিকর অনলাইন কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও তৈরি হয়।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মগুলো আসক্তিমূলক আচরণে উৎসাহিত করে, ব্যবহারকারীর বয়স যথাযথভাবে যাচাই করে না এবং কিশোরদের অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।









