বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও ঘটনার প্রকৃত কারণ এখনো অজানা। তাহসিফ ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের মাধ্যমে আলোচনায় এসেছিলেন। এটি হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা এই তিন সম্ভাবনাকেই সামনে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে নৌ পুলিশ। এ পর্যন্ত অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে; সংগ্রহ করা হয়েছে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ ও ভিডিও।
গত ২৭ অক্টোবর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের বাসা থেকে বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার দীপের সঙ্গে মোটরসাইকেলে বের হন ২৮ বছর বয়সী তাহসিফ। পরে পূর্বপরিচিত এক তরুণীকে নিয়ে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান তাঁরা; সেখানে তাহসিফ ও তরুণীর মধ্যে মনোমালিন্য হয় বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রায় এক ঘণ্টা পর বার থেকে বেরিয়ে তাহসিফ ওই তরুণীকে মোটরসাইকেলে করে তাঁর বাসার সামনে নামিয়ে দেন। এরপর তিনি ও দীপ টঙ্গীর মাজার রোড বস্তি এলাকায় যান।
ওই রাতে ১টা ৩৫ মিনিটে তাহসিফ তাঁর মায়ের মুঠোফোনে একটি ভয়েস বার্তা পাঠান ‘আসতেছি, রওনা দিছি।’ এর চার মিনিট পর দীপ মোহাম্মদপুরে তাঁদের ভাড়া বাসার দারোয়ানকে ফোন করে ফিরতে দেরি হবে জানান এবং রাত আড়াইটার দিকে বাসায় ফেরেন। পরদিন ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে উত্তরখান থানার রাজবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তাঁর পায়জামার পকেটে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
সুরতহাল প্রতিবেদনে তাহসিফের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি; তবে নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে এবং পেট ফোলা ছিল। মরদেহের ময়নাতদন্ত হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে, তবে পাকস্থলী, লিভার, কিডনি ও রক্তের নমুনার পরীক্ষার ফল না আসায় পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদন এখনো হাতে পাননি তদন্তকারীরা।
মরদেহ উদ্ধারের দুই দিন পর, ৩০ অক্টোবর রাতে তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। এজাহারে তাঁর অভিযোগ, ছেলেকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে; তবে মামলায় কাউকে নির্দিষ্টভাবে আসামি করা হয়নি। তদন্তে দীপ ও ওই তরুণীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে, তবে তাঁদের বিরুদ্ধে অভিযোগের চূড়ান্ত সত্যতা এখনো প্রমাণিত হয়নি। তদন্ত তদারক করছেন নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম; তিনি জানিয়েছেন, সব প্রশ্নের জবাব পাওয়ার পর সংবাদ সম্মেলন করে তদন্তের ফল জানানো হবে।









