তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেওয়ার কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় থাকা আট জেলা হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। প্রতিটি জেলার আটটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

তবে পুরো ২০ লাখ টাকাই ঋণ নয় মোট অর্থায়নের ৫০ শতাংশ ব্যাংকঋণ এবং বাকি ৫০ শতাংশ অনুদান হিসেবে দেওয়া হবে। অর্থাৎ ২০ লাখ টাকা অনুমোদিত হলে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ১০ লাখ টাকা অনুদান পাবেন উদ্যোক্তা। ঋণের অংশের সুদের হার স্টার্টআপ উদ্যোক্তাদের ক্ষেত্রে ৪ শতাংশ, নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে ৫ শতাংশ এবং অন্যান্য উদ্যোক্তাদের ক্ষেত্রে ৭ শতাংশ।

আবেদনের জন্য প্রার্থীর বয়স আবেদন গ্রহণের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে; সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি থাকতে হবে বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা। আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ সুবিধার জন্য যোগ্য নন।

বাকি ৫৬ জেলার প্রতিটি উপজেলার জন্য এখনো আবেদন গ্রহণ চলছে আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে পারবেন। এ অর্থায়নের জন্য কোনো সহায়ক জামানত দিতে হবে না। তবে ঋণের অর্থ নির্ধারিত খাতে ব্যবহার এবং সময়মতো কিস্তি পরিশোধ করতে হবে; শর্ত ভঙ্গ করলে অনুদানের সুবিধা বাতিল হয়ে অনুদানের অর্থও ঋণে রূপান্তরিত হবে।