দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে করা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গতকাল বুধবার সকালে রাজধানীর গুলশান থানার একজন উপপরিদর্শক (এসআই) গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় যান। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি বঙ্গভবনে মতবিনিময় সভায় যোগ দিতে বের হচ্ছিলেন। মাহমুদুর রহমান তাঁকে বলেন, ‘আমি বঙ্গভবনে যাচ্ছি। সভা শেষে সেখানে এসে আমাকে গ্রেপ্তার করুন।’ এসআই জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা মামলায় হাজির না হওয়ায় পরোয়ানা জারি করেছেন আদালত; সেই পরোয়ানা তামিল করতেই তিনি বাসায় এসেছেন।

জানা যায়, পরোয়ানা জারি হওয়া মামলাটি নড়াইল সদর থানায় দায়ের হয় ২০১৮ সালের ১১ এপ্রিল। বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৫, ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে মামলাটির কার্যক্রম হাইকোর্ট বেঞ্চ স্থগিত করেছে; চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট কোর্ট এক আদেশে সেটা উল্লেখও করেছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি। সেই স্থগিত মামলার ওয়ারেন্ট তামিল করতে পুলিশ হাজির হয়েছে মাহমুদুর রহমানের বাসায়। ওয়ারেন্ট নম্বর আর-১৬/২৬, যা জারি হয়েছিল ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর।

এনসিপির বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা করা হয়েছিল। ২০১০ সাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন, আদালত অবমাননা ও মানহানির অভিযোগে এসব মামলা করেন। এসব মামলার কয়েকটিতে রায় হয়েছে এবং তাঁকে সাজাও ভোগ করতে হয়েছে। বিনা বিচারে তাঁকে দুই দফায় দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে অবিলম্বে আওয়ামী লীগের আমলে করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে মাহমুদুর রহমানের বিরুদ্ধে কীভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে জাতির সামনে প্রকাশের দাবি জানায় এনসিপি। জুলাই গণঅভ্যুত্থানের পর ২৮ মাসে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য আইনমন্ত্রী সংসদকে জানিয়েছেন; তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনো চলমান।