'বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে' ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত গভীর রাতে নিজের ফেসবুক আইডিতে ব্যক্তিগত ছবি সংযুক্ত করে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন তিনি।
বোরহান মাহমুদ কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এরপর বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ফেসবুক লাইভে এসে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দল ধ্বংসের অভিযোগ তোলেন তিনি।
নিজের পদত্যাগের কারণ সম্পর্কে বোরহান মাহমুদ বলেন, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা তাকে মবকারী আখ্যা দিয়েছেন। এ কারণেই তিনি পদ ছেড়েছেন বলে জানান।
অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, বোরহান এখনো সাংগঠনিকভাবে কোনো পদত্যাগপত্র জমা দেননি। বিএনপি একটি সুশৃঙ্খল ও বড় রাজনৈতিক দল; এখানে কারও ব্যক্তিগত উচ্চাভিলাষ বা বিশৃঙ্খল কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। এদিকে সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম জানিয়েছেন, বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় বোরহানকে আগেই মৌখিকভাবে ব্যক্তিগত সহকারীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।









