‘এই দেশ কখনোই মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া হতে পারবে না, শুধুমাত্র দূষিত রাজনীতি আর দূষিত আমলাতন্ত্রের কারণে’ এমন মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। বুধবার (২৫ নভেম্বর) তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মাহবুব কবির মিলন সরকারের সাবেক অতিরিক্ত সচিব; তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অবসরের পর সামাজিক মাধ্যমে শাসনব্যবস্থা, দুর্নীতি ও ধর্মীয়-সামাজিক নানা বিষয়ে খোলামেলা মন্তব্যের জন্য তিনি পরিচিত।

তার এই মন্তব্যে সামাজিক মাধ্যমে অনেকেই একমত পোষণ করেছেন; অনেকে লিখেছেন, কথাটা ‘শতভাগ সঠিক’। তবে পাল্টা প্রশ্নও উঠেছে চাকরিতে থাকাকালীন কেন তিনি এসব বিষয়ে মুখ খোলেননি, তা নিয়ে অনেকে তার সমালোচনাও করেছেন।

এর আগেও একই ধাঁচের কড়া মন্তব্য করেছেন মাহবুব কবির মিলন। গত ১২ অক্টোবর এক পোস্টে তিনি বলেছিলেন, ‘এই দেশ কে’য়া’মত পর্যন্ত ঠিক হবে না।’ তার মন্তব্যগুলোকে ঘিরে নিয়মিতই সমর্থন ও বিতর্ক দুটোই চলে।