খাদ্যে ভেজাল রোধে বিদ্যমান আইন আরও কঠোর করার পাশাপাশি প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা বলেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে তিনি এ কথা বলেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধন করে গুরুতর অনিয়মের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ এবং আদায় করা অর্থের ২৫ শতাংশ অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাব তুলে ধরেছে খাদ্য মন্ত্রণালয়। কয়েকটি অপরাধের ক্ষেত্রে বিদ্যমান কারাদণ্ড বা অর্থদণ্ডের সর্বনিম্ন সীমা তুলে দিয়ে সর্বোচ্চ সীমা বহাল রাখার প্রস্তাবও করা হয়েছে।

সংশোধনী প্রস্তাবে ভেজাল, মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের ও মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্য জব্দ করার বিধানও যুক্ত করার কথা বলা হয়েছে। ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে মোড়কজাত করা খাদ্যও জব্দ করা যাবে। বারবার আইন লঙ্ঘন করলে বা জনস্বাস্থ্যের জন্য জরুরি ঝুঁকি তৈরি হলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারবে।

বৈঠকে খাদ্যমন্ত্রী ধান সংগ্রহের ক্ষেত্রে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করার কথা বলেন, যাতে কোনো মধ্যস্বত্বভোগী কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে। ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু।