রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিজের ভাগ্নে মো. নুরুল আজীমকে নিয়োগের চেষ্টা করছেন ব্যাংকটির চেয়ারম্যান নজরুল হুদা এমন অভিযোগ উঠেছে। নুরুল আজীম বর্তমানে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগে বলা হয়েছে, নুরুল আজীমকে রূপালী ব্যাংকের শীর্ষ পদে বসাতে অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন পর্যায়ে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে এমডি পদে আগ্রহী অভিজ্ঞ ও যোগ্য ব্যাংকারদের সুযোগ সংকুচিত করার চেষ্টার অভিযোগও উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
একই ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে ঘনিষ্ঠ আত্মীয়ের অবস্থান তৈরি হলে স্বার্থের সংঘাতের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত গ্রহণ, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও জবাবদিহির ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। ব্যাংক খাতের সংশ্লিষ্টদের প্রত্যাশা, এমডি পদে যোগ্যতা, অভিজ্ঞতা, সততা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে।
তবে অভিযোগ নাকচ করেছেন চেয়ারম্যান নজরুল হুদা। তিনি বলেন, নুরুল আজীমকে রূপালী ব্যাংকের এমডি পদের জন্য বিবেচনা না করতে তিনি ইতোমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে পরামর্শ দিয়েছেন। তার ভাষ্য, ‘আমি তাঁদের স্পষ্টভাবে জানিয়েছি, তিনি আমার আত্মীয়। নিশ্চিন্ত থাকুন, তাঁর নাম তালিকায় নেই।’ পুরো বিষয়টিকে তিনি গুজব বলে উড়িয়ে দেন।
নজরুল হুদা আরও বলেন, নুরুল আজীম কেন রূপালী ব্যাংকের এমডি হতে যাবেন? তিনি ইতোমধ্যে একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁর চাকরির মেয়াদ আরও ১০ বছর বাকি রয়েছে। অথচ সরকারি ব্যাংকগুলোতে এমডি পদে নিয়োগ দেওয়া হয় মাত্র তিন বছরের জন্য। গুজব ছড়ানোর আগে বিষয়টির যৌক্তিকতা বোঝার চেষ্টা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
নজরুল হুদা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর; ২০২৪ সালের ১৫ আগস্ট তিনি রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগ দেন। এদিকে এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি; এসএমএস পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এমডি নিয়োগে কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করার দাবি উঠেছে।









