গত ১৮ নভেম্বর রাতে গোপালগঞ্জ শহরে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর আলীর বাসভবন ও একই ভবনে থাকা আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বাবর আলী বলেন, হামলায় তাঁর বাড়ির প্রায় সবকিছু পুড়িয়ে দেওয়া ও লুটপাট করা হয়েছে; বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তাঁর দাবি, এসব হামলা কোনো বিএনপি নেতা বা সংসদ সদস্যের প্রতি ব্যক্তিগত ক্ষোভ থেকে নয়; বরং শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুকে কেন্দ্র করে বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনার অংশ।
তাঁর ভাষ্য, পরিকল্পনাটি হলো গোপালগঞ্জে একটি গণঅভ্যুত্থান ঘটিয়ে সারা দেশের আওয়ামী লীগ নেতা-কর্মীদের উজ্জীবিত করা। ‘গোপালগঞ্জ আওয়ামী লীগের জন্মভূমি। রাজনৈতিকভাবে তারা আমাদের চেয়ে শক্তিশালী। সবকিছু মিলিয়ে শেখ হাসিনা ইস্যুতে তারা ঐক্যবদ্ধ,’ বলেন তিনি।
গোপালগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি নিয়েও খোলামেলা কথা বলেছেন বাবর আলী। ‘গোপালগঞ্জে বিএনপি শক্তিশালী এ কথা যদি কেউ বলে, তাহলে সে অনেক বড় কথা বলছে,’ বলেন তিনি। তাঁর ভাষ্য, ১৯৭১ সালের পর থেকে গোপালগঞ্জ সদরে কখনো বিরোধী দলের কেউ সংসদ সদস্য হননি; দলকে শক্তিশালী করতে হলে শহরকেন্দ্রিক রাজনীতির বাইরে গিয়ে তৃণমূল সংগঠন গড়ে তুলতে হবে।
মামলা-বাণিজ্য ও হয়রানির অভিযোগকে ‘ভুয়া’ বলে নাকচ করে বাবর আলী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গোপালগঞ্জে হওয়া ২০ থেকে ২৫টি মামলায় কোনো নিরীহ মানুষ আসামি হয়ে থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁদের অব্যাহতি দিতে সংসদে প্রথম বক্তব্যেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আর ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, ‘সাধারণ মানুষ আমাকে ভোট দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন। কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে সৃষ্ট উত্তেজনার মধ্যে তারা পাশে এসে মারামারি করতে দাঁড়াবেন না।’
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের বিএনপিতে যোগদান প্রসঙ্গে বাবর আলী বলেন, আনুষ্ঠানিকভাবে যোগদান করানো নিষেধ; তবে কোনো চেয়ারম্যান বা প্রভাবশালী ব্যক্তি এলে তাঁকে গ্রহণ করার বিষয় থাকতে পারে। তাঁর ভাষ্য, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না; গ্রহণ করার পর তাঁর গ্রহণযোগ্যতা ভালো থাকলে ও তিনি যোগ্য হলে প্রার্থী হতে পারেন।









