স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসময় যে পথচলা আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটল। দীর্ঘদিনের একসাথে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর, আমরা নিজেদের মতো করে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এরপর সবার কাছে অনুরোধ জানিয়ে ন্যান্সি আরও লেখেন, ‘যারা সবসময় আমাদের খোঁজখবর নিয়েছেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে আমাদের পরিস্থিতি বোঝার, সম্মান দেখানোর এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।’ জীবনের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা ব্যক্ত করে তিনি লেখেন, ‘জীবন তার নিজের নিয়মেই এগিয়ে চলে। আমি শক্তি, আত্মসম্মান আর শান্তি নিয়ে জীবনের এই নতুন অধ্যায়টাকে বরণ করে নিতে চাই।’

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ন্যান্সি। এটি ছিল এই সংগীতশিল্পীর তৃতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভের সঙ্গে প্রথম বিয়ে হয় তাঁর; ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। দ্বিতীয় বিয়ে হয় ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে; সেই সংসারেরও বিচ্ছেদ ঘটে ২০২১ সালে।