সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে তাকে অব্যাহতি দেওয়া হয়।

সংগঠনটির কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নয়নের সঙ্গে এক তরুণীর একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দলীয় নেতা-কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দেয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি বলেন, এ ধরনের ঘটনা ঘটলে কেন্দ্রীয় ছাত্রদল সিদ্ধান্ত নেবে; কেউ ব্যক্তিগতভাবে অনৈতিক কাজে জড়িয়ে পড়লে তার দায়ভার সংগঠন নেবে না।

তবে ভিডিওর বিষয়টি স্বীকার করে নয়ন বলেন, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তাঁর দাবি, ‘আমাকে ফাঁদে ফেলা হয়েছে। আমার প্রতিপক্ষের লোকজন এক নারীকে দিয়ে ফাঁদ পেতেছে। আমি না বুঝে ভুল কাজ করেছি।’ তিনি বলেন, ওই তরুণীর সঙ্গে বর্তমানে তাঁর কোনো সম্পর্ক নেই; তিনি অন্য একজনকে বিয়ে করেছেন। এ বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।