চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী পাকিস্তানের সংসদ ভবনে গিয়ে নিজের দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ছবির সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সংসদ ভবন পরিদর্শনের সময় তোলা একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। তার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরী একসময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ছিলেন।
ফেসবুক পোস্টে হুম্মাম কাদের জানান, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে ঐতিহাসিক এই ভবনে দাঁড়ানো তার কাছে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়েছে। দাদার ছবির সামনে দাঁড়ানোর মুহূর্তটি তার জন্য আবেগ ও গর্বের।
তিনি লেখেন, ইতিহাসের পাতা যখন নিজের জীবনের সঙ্গে জড়িয়ে যায়, তখন অনুভূতিটা অন্যরকম হয়। দাদার ছবির নিচে দাঁড়ানোর মুহূর্তটি তার কাছে বিশেষ আবেগের।
হুম্মাম কাদের আরও বলেন, কয়েক প্রজন্ম পর বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে একই ভবনে আসা তাকে পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা মনে করিয়ে দিয়েছে। ইতিহাস শুধু অতীতের কথা মনে করায় না, বরং ভবিষ্যতের দায়িত্বও স্মরণ করিয়ে দেয়।
তার ভাষায়, ছবিটি শুধু একটি স্মৃতি নয়; এটি প্রজন্ম থেকে প্রজন্মের আত্মিক টান, পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতা এবং মানুষের সেবা করার দায়িত্ববোধের প্রতীক।
এদিকে, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধি দল বর্তমানে পাকিস্তান সফর করছে। সফরের অংশ হিসেবে বুধবার প্রতিনিধি দলটি পাকিস্তানের সংসদ ভবন পরিদর্শন করে এবং জাতীয় পরিষদের মূল অধিবেশন কক্ষ ঘুরে দেখে।
এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক বাংলাদেশি প্রতিনিধিদের কাছে কক্ষটির ঐতিহাসিক গুরুত্ব এবং সেখানে আইন প্রণয়নের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।









