

বাংলাদেশের ১৩ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী তাদের শিক্ষার জন্য ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন। যা আগের শিক্ষাবর্ষের চেয়ে ২৮ শতাংশ বেশি। এক বছরের হিসেবে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ শিক্ষার্থী গেছে এই শিক্ষাবর্ষে।যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রকাশিত ‘ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এছাড়া, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যাও এখন সর্বকালের সর্বোচ্চ। দেশটিতে স্নাতক পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাও ৫০ শতাংশের বেশি বেড়েছে। ২ হাজার ৫০০ শিক্ষার্থী আন্ডারগ্রাজুয়েটে (স্নাতক এবং সংশ্লিষ্ট ডিগ্রি) ভর্তি হয়েছেন। প্রায় ১০ হাজার বাংলাদেশি স্নাতক শিক্ষার্থী আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়ন করায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে স্নাতক শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিশ্বে সপ্তম স্থানে রয়েছে।উল্লেখ্য, গত এক দশকের মধ্যে প্রতি শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী পাড়ি জমার হার ৩শ' শতাংশ বেড়েছে। ২০১১-২০১২ শিক্ষাবর্ষে দেশটিতে পাড়ি দেয় ৩ হাজার ৩১৪ বাংলাদেশি শিক্ষার্থী। আর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে গেলো ১৩ হাজার ৫৬৩ জন।প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ব্যুরো এবং ইন্টারন্যাশনাল এডুকেশন ইন্সটিটিউট যৌথভাবে বার্ষিক ওপেন ডোরস প্রতিবেদন প্রকাশ করে থাকে।ওপেন ডোরস ২০২৩ প্রতিবেদন সংক্রান্ত আরও তথ্য পাওয়া যাবে https://opendoorsdata.org/annual-release/-তে।



