

বাড়ানো হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটি। ১৬ দিন বাড়িয়ে তা ৭৬ দিন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগে বার্ষিক ছুটির সংখ্যা ছিল ৬০ দিন।রোববার (৩১ ডিসেম্বর) ছুটি বাড়িয়ে নতুন করে আগামী বছরের শিক্ষা পঞ্জিকা প্রকাশ করেছে ডিপিই। এর আগে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ২১ ডিসেম্বর ছুটির তালিকা প্রকাশ করে। তাতে দেখা যায়, ২০২৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ছিল ৬০ দিন। তবে, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি ছাড়াও ৭৬ দিন ছুটি রেখে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। মাধ্যমিকের তুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কম থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষকেরা। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর প্রাথমিকেও বেড়েছে ছুটির দিন।আগের ও পরের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, প্রথম তালিকায় মোট ছুটি ছিল ৬০ দিন। সেই ছুটি বাড়িয়ে ৭৬ দিন করা হয়েছে। পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্ম দিবস, স্বাধীনতা দিবস, শব-ই-কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষসহ টানা ২১ দিন ছুটি ছিল প্রথম তালিকায়। সেখানে ছুটি বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে। ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি সাত দিন থেকে বাড়িয়ে ১৪ দিন, দুর্গাপূজার ছুটি পাঁচ দিনের জায়গায় সাত দিন করা হয়েছে। এ ছাড়া, শীতকালীন অবকাশ একদিন বাড়িয়ে ১১ দিন করেছে অধিদপ্তর। অন্যদিকে, ২০ জুলাইয়ের আষাঢ়ে পূর্ণিমা, ২ অক্টোবরের শুভ মহালয়ার একদিন করে দুটি ছুটি বাতিল করা হয়েছে।



