

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা হবে ১০০ নম্বরের এমসিকিউ।
স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পরীক্ষাকেন্দ্র সকাল ১০টায় পরিদর্শন করেন।
এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। এবার মোট এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। সারাদেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।
সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরীতে ১৮টি কেন্দ্রে মোট ৬১ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
জানা গেছে ,করোনা অতিমারির মধ্যেও গত বছরের ২ এপ্রিল সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী।
অন্যদিকে, মেডিকেল ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। প্রতিটি কেন্দ্রে রয়েছে মোবাইল কোর্ট।
গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। ১৫ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ ও ১৬ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি'র টাকা জমা নেওয়া হয়। কোভিড-১৯ সংক্রমণরোধে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাস্ক পরে কেন্দ্রে আসার জন্য বিশেষ নিদের্শনা দেওয়া হয়েছে।
মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুসারে, গত বছরের মতো এবারও ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। প্রতিটির প্রশ্নের মান হবে ১। এমসিকিউ পরীক্ষা হবে ১ ঘণ্টায়। পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক ১০ নম্বর (মোট ১০০) থাকবে।
এ ছাড়া ডেন্টাল কলেজে পরীক্ষা আগামী ২২ এপ্রিল এবং বিএসএমএমইউতে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।


