
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নামাজের জন্য নির্দিষ্ট স্থানের দাবি জানিয়েছেন কয়েকজন নারী শিক্ষার্থী।
বুধবার (৬ এপ্রিল) নারী শিক্ষার্থীরা এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার দুপুরে এ দাবি নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন।
স্মারকলিপি অনুযায়ী, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নামাজের জায়গার অভাব রয়েছে। কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের নামাজ আদায় করার জায়গা থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম। ক্যাম্পাসের একাডেমিক ভবনসমূহের কমনরুমগুলোও বিকেল ৫টায় বন্ধ হয়ে যায়। ৫টার পর ক্যাম্পাসে অবস্থানরত নারী শিক্ষার্থীদের নামাজ আদায় করার কোনো জায়গা থাকে না।
টিএসসিতে ছেলেদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু মেয়েদের নামাজ পড়ার জন্য কোনো ব্যবস্থা নেই। অথচ বিভিন্ন কর্মসূচি ও নানাবিধ কারণে নারী শিক্ষার্থীরাও টিএসসিতে অবস্থান করে থাকেন।
রমজান মাসে টিএসসির সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ সমিতি টিএসসি কেন্দ্রিক ইফতার কর্মসূচি করে থাকে। তবে ইফতারের পরে নামাজের ব্যবস্থা না থাকায় অনেক নারী শিক্ষার্থী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হয়। এমন অবস্থায় টিএসসিতে নারী শিক্ষার্থীদের জন্যে নামাজের ব্যবস্থা করে দিলে এই সমস্যার সমাধান করা যায় বলে জনান নারী শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে আরও বলা হয় , টিএসসিতে ছেলেদের নামাজের স্থানের পাশে একটি উপযুক্ত খালি জায়গা আছে । সামান্য সংস্কার করলে সেখানে নারী শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান প্রস্তুত করা সম্ভব।


