প্রধানমন্ত্রীর বেগুনি সংক্রান্ত বক্তব্য নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টঃ শিক্ষকের বিরুদ্ধে মামলা
হেড অফ ডিজিটাল মিডিয়া

বেগুনের দাম বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগুনের ব্যতিক্রম হিসেবে কুমড়া ব্যবহারের পরামর্শ দেন। এরই মধ্যে রংপুর সিটি কলেজের শিক্ষক দেলওয়ার হোসেন (৪২) প্রধানমন্ত্রীর এ মন্তব্যের বিপরীতে কটুক্তিমূলক কথা বলে ফেসবুকে মন্তব্য করেন।
শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তিমূলক মন্তব্য করায় রংপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাদী হয়ে আরপিএমপির তাজহাট থানায় জিডি করেন এবং পরবর্তীতে জিডিটি তদন্তের জন্য আদালতে পাঠানো হয়।
সোমবার (১১ এপ্রিল) রংপুর মহানগরীর ওয়ার্ড ছাত্রলীগ নেতা এ অভিযোগটি দায়ের করেন।
তাজহাট থানার ওসি নাজমুল কাদির জানান, গত ৮ এপ্রিল রংপুর সিটি কলেজের আইসিটি বিষয়ক শিক্ষক দেলওয়ার হোসেন নিজ ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু নিয়ে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন,‘এইটা দিয়েই আমি গণভবনে বেগুনি বানাইয়া সংসদ ভবনে সাপ্লাই করি।’
ওসি নাজমুল কাদির আরও জানান, অভিযোগ আমলে নিয়ে জিডি নেওয়া হয়েছে এবং তদন্তের জন্য আইসিটি আদালতে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে মামলা দায়ের হবে।
অভিযোগের বাদী মো. ইমরান হোসেন জানান, মামলাটি জিডি হিসেবে নেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মামলাটি দ্রুত বিচার না হলে আমরা আন্দোলনের যেতে বাধ্য হবো।



