
কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে ৬ রোহিঙ্গাকে হত্যার ঘটনায় আরও এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৪)। এ ঘটনায় এর আগে আরও ২৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়, এর মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে সদ্য গ্রেফতার হওয়া রোহিঙ্গার নাম মো. হাসান মিয়া। তিনি ছয় খুনের এই মামলার এজাহারভুক্ত আসামি।
শনিবার এপিবিএন-১৪-এর কমান্ডিং অফিসার মো. নাইমুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়ার ক্যাম্প ১৭ এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি হাসানকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গা নেতা মহিব উল্লাহকে হত্যা করা হয়। এ ঘটনা দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করে।
চাঞ্চল্যকর এই ঘটনার ২৩ দিনের মাথায় ২২ অক্টোবর উখিয়ার ময়নারঘোনা ক্যাম্প-১৮ এর একটি মাদ্রাসায় ঘুমন্ত অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীসহ ৬ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। নিহত রোহিঙ্গারা হলেন- মাদ্রাসার শিক্ষক হামিদুল্লাহ, নুর আলম হালিম, স্বেচ্ছাসেবক মো. আমিন ও ইদ্রিস এবং মাদ্রাসা ছাত্র ইব্রাহিম হোসেন ও আজিজুল হক। নিহতরা সবাই ব্লক- জ ৫ এর বাসিন্দা ছিলেন।



