

ঈদুল ফিতরকে ঘিরে মিরপুর বেনারশী পল্লীতে বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, বিক্রয় রশিদ প্রদান না করাসহ নানা অনিয়ম ধরা পড়ে এই অভিযানে।
শনিবার (১৬ এপ্রিল) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
অভিযানের শুরুতেই বেনারশী পল্লীর মিতু কাতান শাড়ি ঘরে গিয়ে ম্যানেজারকে না পাওয়ায় আপাতত দোকানটি বন্ধ রাখা হয়। ম্যানেজার এলে এই দোকানে যাচাই বাছাই করবে অধিদপ্তর।
এরপর তাওছিফ বেনারশী ফ্যাশনে যান অভিযানরতরা। সেখানে শাড়িসহ বিভিন্ন পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, বিক্রয় রশিদ প্রদান না করা এবং সর্বোচ্চ বিক্রয় মূল্য না থাকায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ জরিমানার পর মালিক সমিতির নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে অভিযানরতদের ঘিরে ধরে। তারা অভিযানে থাকা সাংবাদিকদের ক্যামেরা জোরপূর্বক বন্ধ করার চেষ্টা করেন এবং চিৎকার চেচামেচি করতে থাকেন।



