
রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় আসামি ধরতে গিয়ে আসামীর সাথে অপেশাদার আচরণের অভিযোগে যাত্রাবাড়ী থানার এক নারী পুলিশ সদস্যসহ তিনজন পুলিশ এবং একজন আনসারকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) বরখাস্ত করার বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন, ডিএমপির ওয়ারি বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ।
বরখাস্তকৃতরা হলেন, যাত্রাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত এবং নারী কনস্টেবল নবনিতা।
ডিএমপি উপ-কমিশনার জানান, তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে আমাদের কাছে আসামীকে মারধরের অভিযোগ আসে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের তিনজনকে বরখাস্ত করা হয়। এবং ঘটনার সময় উপস্থিত আনসারকে বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।’
তাছাড়া তিনি আরও জানান, ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।



