কথা কাটাকাটির জেরে ডিবি সদস্যকে মারধর, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
হেড অফ ডিজিটাল মিডিয়া


গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তা মো. মুঞ্জুরুল হককে মারধরের ঘটনায় রিমন (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমন বিমানবন্দর থানা ছাত্রলীগের সদস্য।
রোববার (১৭ এপ্রিল) দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত শুক্রবার ডিবির এএসআই মুঞ্জুরুল হকের সঙ্গে দক্ষিণখানের আশকোনা এলাকায় বিমানবন্দর থানা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় রিমন, শরীফ, আলিমসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন মিলে মুঞ্জুরুলকে মারধর করেন। তারা দেশীয় অস্ত্র দিয়ে মেরে ডিবির ওই সদস্যকে গুরুতর আহত করেন।
ওসি মামুন আরও বলেন, ওই ঘটনায় ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা বাদি হয়ে শরিফ-রিমন-আলিমসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর শনিবার রাতে রিমনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।



