
দুর্নীতির অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার অভিযোগ গঠন করেছেন আদালত।
রোববার (১৭ এপ্রিল) প্রতারক সাহেদের বিরুদ্ধে এই অভিযোগ গঠেন করেন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম। এই অভিযোগ গঠনের মাধ্যমে সাহেদের দুর্নীতির মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। এদিন অভিযোগ গঠনের আগে সাহেদকে আদালতে হাজির করা হয়।
অভিযোগ গঠন শুনানিতে সাহেদকে নির্দোষ দাবি করেন তার আইনজীবী। পাশাপাশি দুর্নীতির মামলা থেকে সাহেদের অব্যহতি চেয়ে আবেদনও করা হয়। পরে শুনানি শেষে আদালত সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং বিচার কাজ শুরুর আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের পক্ষের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
এর আগে ২০২০ সালের ৫ নভেম্বর সাহেদকে তার সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দেয় দুদক। এ জন্য তাকে ২১ কার্যদিবস সময় দেওয়া হয়। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে তার সম্পদের হিসাব দেননি। পরে তাকে আরো ১৫ কার্যদিবস সময় দেওয়া হলেও তিনি তার সম্পদের বিবরণী জমা দেননি। পরে গত বছরের ১ জানুয়ারি সাহেদের বিরুদ্ধে অবৈধভাবে ১ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।


