
দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক মিজানুর রহমানের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৮ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করে দুদক।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১৩ এপ্রিল ঘুষ লেনদেনের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমানকে ২ মাসের জামিন দেন হাইকোর্ট।
আর গত ২৩ ফেব্রুয়ারি ঘুষ নেওয়ার কারণে দুদকের দায়ের করা মামলায় সংস্থাটির বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেন আদালত।
এর মধ্যে ঘুষ লেনদেনের অভিযোগে মিজানকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপরদিকে মানি লন্ডারিং আইনের ৪ ধারায় বাছিরকে পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করা হয়।
৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলাটি করেছিলেন। ২০২০ সালের ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের একই কর্মকর্তা।



