
রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে ছুরিকাঘাতে আহত লেগুনা হেলপার আকাশের (২২) মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক মাসুদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবাার ভোর সাড়ে চারটার দিকে ধোলাইপাড় কবরস্থান এলাকায় মসজিদের সামনে থেকে শরীরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহত আকাশের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। যার ফলে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় এবং হাসপাতালে মৃত্যুবরণ করে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আকাশের বাবা মুন্সীগঞ্জের গজারিয়ার পদ্মারচরের বাসিন্দা। তিনি জানান, আমরা পরিবার মিলে যাত্রাবাড়ির মুরাদপুর এলাকায় থাকি। আকাশের সঙ্গে আমাদের তেমন একটা যোগাযোগ হতো না। কিভাবে এসব ঘটনা ঘটলো তার কিছুই জানি না।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। বাকিটা তদন্তের মাধ্যমে জানা যাবে।



