
রাজধানীর মগবাজার এলাকার সুপারশপ মীনা বাজারসহ আরও দুটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়,পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, খাদ্যদ্রব্যে ভেজাল, পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে রোববার মীনা বাজারে বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় পচা খাসির মাংস ও গলে যাওয়া মাছ বিক্রির উদ্দেশ্যে ডিসপ্লেতে সংরক্ষণ এবং বিএসটিআইয়ের লাইসেন্স ও অনুমোদন বিহীন কিছু পণ্য বিপণন করার অপরাধে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং পুরোনো রান্না করা পচা খাবার ও কাবাব বিক্রি, জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স ছাড়া রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনার অপরাধে মগবাজারের ভর্তা ভাত রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে নোংরা পরিবেশে রান্না, পুরোনো রান্না করা অস্বাস্থ্যকর মাংস বিক্রি, মুরগি ও অন্য পাখির মাংস একই জায়গায় রেখে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ক্যাফে ডি তাজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র ফিল্ড অফিসার মনির হোসেন।
রমনার গোয়েন্দা (ডিবি) বিভাগের এই অভিযানে সহায়তা করে।



