
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিউমার্কেট এলাকায় ছাত্র-ব্যবসায়ীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হবে বলে জানানো হয়েছে। এছাড়া এখন পর্যন্ত এ ঘটনায় কমপক্ষে ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন দোকানের কর্মচারী এবং ফুটপাতের হকার। এছাড়া ঢাকা কলেজের কয়েকটি ছাত্র সংগঠনের নেতাদেরও অনানুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ ঘটনায় কয়েকজন ব্যবসায়ীকেও চিহ্নিত করেছে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।ফুটেজগুলো দেখে বেশ কয়েকজন হকার ও দোকানিকে চিহ্নিত করা হয়েছে যারা সাংবাদিক, পথচারীদের ওপর হামলা করেছেন। ফুটেজে তাদের চেহারা স্পষ্ট দেখা গেছে।
এ ঘটনায় কেউ উস্কানি দিয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। ডিএমপি, ডিবি, এসবি ও সাইবার ইউনিটের আলাদা আলাদা দল এ ঘটনার তদন্তে কাজ করে যাচ্ছে। স্ক্রিনিং করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউমার্কেটে সংঘর্ষ সংক্রান্ত পোস্টগুলোও।
পুলিশে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, আমরা ঘটনার তদন্ত করছি। এ ঘটনায় মামলা হবে। এ মামলায় কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদকে হত্যা, পুলিশের ওপর হামলা এবং রাষ্ট্রীয় সম্পদে ক্ষয়ক্ষতি সংক্রান্ত ধারা যুক্ত হবে।
নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ বলেন, সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। তবে দ্রুত জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।



