
দেশের নামকরা চিকিৎসকদের নাম ভাঙিয়ে, ভুয়া টেলিমেডিসিন চিকিৎসা সেবা দেওয়ার নাম করে প্রতারক মোহাম্মদ রাশেদ হোসেন প্রান্ত (২৭) এবং মৌসুমী খাতুন (২৩) সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।
বুধবার রাতে (২০ এপ্রিল) রাজশাহী মহানগরের শাহ মখদুম থানা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ তাদের গ্রেফতার করে।
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, তাদের দেওয়া চিকিৎসাপত্রে ওষুধ কিনে অনেক মানুষ আর্থিকভাবে ক্ষতির পাশাপাশি অসুস্থ হয়ে পড়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রাশেদ রাজশাহীতে একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী আর মৌসুমী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। করোনার শুরুতে যখন টেলিমেডিসিন চিকিৎসা জনপ্রিয়তা পায়, ঠিক তখনই তাদের মাথায় চাপে দুষ্টু বুদ্ধি।
করোনা মহামারি চলাকালে মানুষ যখন ঘরবন্দি তখন রাশেদ হোসেন তার স্ত্রী মৌসুমীকে নিয়ে ফেসবুকে জনপ্রিয় ডাক্তারদের নামে পেজ খুলে শুরু করেন অনলাইনে টেলিমেডিসিন চিকিৎসা। ভুয়া প্রেসক্রিপশন দিয়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।


