
বেগুন ক্ষেতে কীটনাশক দিতে গিয়ে আব্দুল মান্নান (৭০) নামের এক পল্লী চিকিৎসক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের কানুজগাড়ী গ্রামে।
শুক্রবার (২২ এপ্রিল) রাতে ওই পল্লী চিকিৎসককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
জানা যায়, নিহত আব্দুল মান্নান ওই গ্রামের প্রয়াত আব্দুল করিম বখশের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে মান্নানের নিজ বেগুন ক্ষেতে একটি গর্তের মধ্য তাকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মান্নানের মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মান্নান পেশায় একজন পল্লী চিকিৎসক। উপজেলার শলুয়ার মালেকার মোড়ে তার ওষুধের দোকান রয়েছে। শুক্রবার বিকেলে মান্নান তার বেগুন ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে আর ফিরে আসেন নি। অনেক জায়গায় খোঁজাখুঁজির পর রাতে বেগুন ক্ষেতে গিয়ে একটি গর্তের মধ্যে তাকে পড়ে থাকতে দেখা যায়।
প্রাথমিকভাবে পরিবারসহ স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ক্ষেতে বেগুন চুরি করতে যায়। বেগুন চুরি করার সময় মান্নান তাদের দেখে ফেলায় তার গলা কেটে হত্যা করা হয়।
স্থানীয় ইউপি সদস্য সাবদুল ইসলাম জানান, সুনির্দিষ্টভাবে এখনও কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তদন্তের রিপোর্ট হাতে পেলেই খুনের মূল কারণ জানা যাবে।
রাজশাহীর চারঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ জানান, পল্লী চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিয়ে কিছু বলা মুশকিল। কারণ এখনও আমরা পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তবেই আমরা তদন্তে নামবো।



