হোটেলে মরা ইঁদুর, গ্যাস সিলিন্ডার বিক্রয়কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ যন্ত্র!
হেড অফ ডিজিটাল মিডিয়া


মাসুদ সুমনঃ
রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অভিযানের নেতৃত্ব দেয় ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
এ সময় অনিয়মের অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার রাজধানীতে দুই ভাগে ভাগ হয়ে,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
উত্তরার আব্দুল্লাহপুরে অভিযান চালানো হয় ৯ নাম্বার সেক্টরের ‘জল খাবার’ নামের হোটেলে। এ সময় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও রান্না ঘরে মরা ইঁদুর পরে থাকার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে পাশের হাজি বাংলা খাবার হোটেলে অভিযান চালানো হয়। হোটেলে প্রবেশেই খোলা অবস্থায় ভাত ও তরকারি সংরক্ষণ ও তাতে মাছি বসে থাকার চিত্র চোখে পরে আভিযানিক দলের। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের অভিযোগে তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বিভিন্ন পরিবহণের টিকিট কাউন্টারের অভিযান চালায় ঢাকা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় সামান্য ভুল ভ্রান্তি চোখে পড়লেও জরিমানা করা হয়নি।এবিষয়ে বেশীরভাগ কাউন্টারের কর্মচারীদের সচেতন করা হয়।
গাজীপুরের টঙ্গীতে ইজতেমা গেট সংলগ্ন ঢাকা ময়মনসিংহ রোডের পূর্ব পাশে ‘মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ’ এ অভিযান চালিয়ে দেখা যায় সেখানে যে অগ্নিনির্বাপক যন্ত্র আছে সেটির মেয়াদ উত্তীর্ণ। এছাড়া সরকারের বেধে দেওয়া হারের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে দলটি অভিযান চালায় টঙ্গি বাজারের কসমেটিকস কর্নারে। এ সময় নকল প্রসাধনী বিক্রি ও অবৈধভাবে ভ্যাট ফাকি দিয়ে আনা প্রসাধনী বিক্রির অভিযোগে তানিশা এন্টারপ্রাইজ ও জান্নাত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।



