
চট্টগ্রামের পটিয়া থেকে আসামি গ্রেফতারের পর তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে তার দুই সহযোগীকে গ্রেফতার করে র্যাব।
চট্টগ্রামের পটিয়া এলাকায় সন্ত্রাসী ইয়ার মো. বাবরের অপকর্মের কারণে এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। তার কাছে বিপুল অবৈধ অস্ত্র রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার পটিয়ার গৈরালারটেক বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় বাবরের কাছ থেকে ১টি এলজি এবং ৯ রাউন্ড গুলি উদ্ধারসহ তাকে আটক করা হয়।
গ্রেফতার বাবরকে র্যাবের থেকে ছিনিয়ে নিতে অস্ত্রসহ র্যাবের উপর আক্রমণ করে তার অনুসারীরা। ৬/৭ জন ইটপাটকেল ছুঁড়তে থাকে র্যাবের দিকে। এ সময় র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই সহযোগীকে গ্রেফতার করে। একটি বিদেশি পিস্তল, ১টি এলজি, ১টি থ্রি-কোয়ার্টারগান এবং ১২ রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, মো. বাবর এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।


