

ঢাকা কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাস ১০১ নম্বর কক্ষে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কক্ষটিতে ডেলিভারি ম্যান নাহিদ হত্যার ঘটনায় জড়িত এক সন্দেহভাজন থাকতেন বলে জানা গেছে।
রোববার বিকাল ৫টায় গোয়েন্দা (ডিবি) পুলিশ ও র্যাবের সদস্যরা ওই কক্ষে অভিযান চালায় বলে জানিয়েছেন হল প্রভোস্ট আনোয়ার মাহমুদ।
ডিবি সূত্রে জানা গেছে, গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে হেলমেটধারী এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করতে দেখা যায়। হেলমেট পরা ওই যুবকের নাম ইমন বাসার। তিনি ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী। থাকতেন ঢাকা কলেজের ইন্টারন্যাশনাল হলের ১০১ নম্বর কক্ষে।
মূলত তাকে খুঁজতেই আন্তর্জাতিক ছাত্রাবাসের ১০১ নম্বর রুমে যৌথ অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে দুটি মোবাইলফোন উদ্ধার করা হয়।
হলের এক ছাত্র জানান, অভিযান চলাকালে জহির হাসান ওরফে জুয়েল নামে একজনকে আটক করে নিয়ে যাওয়া হয়। জহির হাসান ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য ছিলেন।


