
মানিলন্ডারিং আইনে বহিস্কৃত আওয়ামী লীগ নেতা এনামুল হক ভূঁইয়া এনু ও তার ভাই রুপন ভূঁইয়াসহ ১১ জনের ৭ বছরের কারাদণ্ড ও ৪ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৫ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
মামলার অপর আসামিরা হলেন- মেরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, সহিদুল হক ভূঁইয়া, জয় গোপাল সরকার, পাভেল রহমান, তুহিন মুন্সি, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার ও সাইফুল ইসলাম।
আসামিদের মধ্যে শিপলু, রশিদুল, সহিদুল ও পাভেল মামলার শুরু থেকে পলাতক। তুহিন জামিনে আছেন। অপর ছয় আসামি কারাগারে।
এর আগে বুধবার (৬ এপ্রিল) রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু এদিন বিচারক ছুটিতে থাকায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর ভারপ্রাপ্ত বিচারক পরবর্তী রায় ঘোষণার জন্য (২৫ এপ্রিল) দিন ধার্য করেন।
ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে গ্রেফতারের পর দল থেকে বহিস্কার করা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অবৈধ সম্পদ অর্জন ও অর্থ-পাচারের অভিযোগে ১২টি মামলা রয়েছে।



