রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করা হচ্ছে। যারাই চিহ্নিত হবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদবস্ত্র বিতরন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত নিজস্ব গতিতে চলবে। আপনারা জানেন এখানে দুটি হত্যা কিংবা এক্সিডেন্ট যেটাই বলেন কেন, দুটো ঘটনা ঘটেছে। যা অনাকাঙ্খিতভাবে ঘটেছে। মৃত্যু কারও জন্য কাম্য নয়, সে যেই হোক। আমরা দেখেছি একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহদাকার একটা ঘটনার সূত্রপাত। এখানে ছাত্র, ব্যবসায়ী, খুদে দোকানদার- তারা এই সংঘর্ষে লিপ্ত হন। এই ঘটনায় অন্যদের পাশাপাশি সাংবাদিকরাও আহত হন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। সংঘর্ষের ঘটনায় হতাহত হয়েছে যথেষ্ট।

citytouch 728-X-90

আসাদুজ্জামান খান কামাল বলেন, নিউমার্কেটের ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে এবং ভাঙচুরের মামলা হয়েছে। যারা শনাক্ত হবে, যারা চিহ্নিত হবে, ভিডিও ফুটেজ দ্বারা যাদেরই চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। যা চলে সন্ধ্যা পর্যন্ত।