
রাজধানীতে ইয়াবা বেচা-কেনার সময় মুজিবুল হুদা ওরফে শাকিল ও মো. মাসুদ ওরফে সজল নামের দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে জব্দ করা হয় ১০ হাজার পিস ইয়াবা।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার (২৫ এপ্রিল) দুপুরে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ দলের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস।
এসি মধুসূদন দাস জানান, মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয় এলাকায় ইয়াবা কেনা-বেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় তার দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রাচীর সংলগ্ন ফুটপাতে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।



