
চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই ‘বালু খেকো’ চেয়ারম্যান সেলিম খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৬ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদিক।
তিনি জানান, চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পদ্মা ও মেঘনা নদীর ডুবোচর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলণ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত জমির বড় অংশটি নামে-বেনামে কিনে নেওয়ার অভিযোগ রয়েছে।
গত এক দশকেরও বেশি সময় ধরে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান।
এছাড়া স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগেরও সভাপতিও তিনি। প্রায় আট বছর ধরে চাঁদপুরের পদ্মা ও মেঘনার ডুবোচর থেকে অবৈধভাবে বালু উত্তোলণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।



