
নিউমার্কেটে সংঘর্ষচলাকালে নিহত ডেলিভারী ম্যান নাহিদের হত্যাকারীরা যে রাজনৈতিক দলেরই হোক, কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।
বুধবার (২৭ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, নিউমার্কেটে সংঘর্ষ চলাকালে দুটি হত্যাকাণ্ডের মামলা নিয়ে ডিবি কাজ করছে। নাহিদ হত্যা মামলায় যারা পলাতক আছেন, তাদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে মাহবুব আলম বলেন, নাহিদ হত্যা মামলার আসামিদের দলীয় পরিচয় আমাদের কাছে মূল বিষয় হিসেবে কাজ করছে না। তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, কেউ ছাড় পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।
দোকানকর্মী মোরসালিন হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, মূলত ইটের আঘতে মোরসালিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে শনাক্ত করা যায়নি। তবে ঘটনার ফুটেজ বিশ্লেষণ করে আমরা জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি।



